
ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না, রাজনৈতিকভাবে হয়রানি করতেই আসামি করা হয়েছে
আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী-চৌমুহনী বাজারের হাজী এ আলী শপিং কমপ্লেক্সে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন মোহাম্মদ আজম খান। তাকে রাজনৈতিকভাবে হয়রানি ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে মোহাম্মদ আজম খান বলেন, গত ৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে চাতুরী-চৌমুহনী বাজারের হাজী এ আলী শপিং কমপ্লেক্সে ব্যবসায়ীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন বলে তিনি উল্লেখ করেন।
আজম খানের দাবি, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং কোনো ধরনের হামলা বা মারামারিতে অংশ নেননি। বরং আহতদের চিকিৎসার জন্য তিনি আনোয়ারা মেডিকেলে উপস্থিত হয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় শপিং কমপ্লেক্সের দুই ব্যবসায়ীও সেখানে উপস্থিত ছিলেন বলে লিখিত বক্তব্যে জানান তিনি।
তিনি বলেন, পরবর্তীতে ৯ সেপ্টেম্বর ২০২৬ তাকে মামলার ২ নম্বর আসামি করে চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে আঘাত করার যে অভিযোগ আনা হয়েছে, সেটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে আনোয়ারা মেডিকেলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার দাবি জানান আজম খান। তার দাবি, সিসিটিভি ফুটেজ যাচাই করলে ঘটনার সময় তিনি কোথায় ছিলেন এবং তার ভূমিকা কী ছিল, তা স্পষ্ট হয়ে যাবে।
লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে হয়রানি করার উদ্দেশ্যেই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজম খান প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান। পাশাপাশি মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি।